অভিশংসন নয়, ট্রাম্পকে জেলে দেখতে চাই :পেলোসি

আপডেট : ০৭ জুন ২০১৯, ২২:৫০

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন করার  চেয়ে তাকে জেলেই দেখতে চান। এর জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে নোংরা, ভয়ংকর এবং প্রতিহিংসাপরায়ণ বলে উল্লেখ করেছেন। খবর সিএনএনের

মার্কিন মিডিয়া পলিটিকো জানিয়েছে, স্পিকার পেলোসি শীর্ষ ডেমোক্র্যাটদের উদ্দেশ্যে বলেছেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের পক্ষে না, বরং তার জেলেই যাওয়া উচিত। মঙ্গলবার প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটির বৈঠকে এই কথা বলেন পেলোসি। ওই বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করা যায় কিনা সেই বিষয়ে আলোচনা চলছিল। কিন্তু পেলোসি কমিটির চেয়ারম্যান জেরি নাডলারের সঙ্গে দ্বদ্বে জড়িয়ে পড়েন। তিনি আগে থেকেই বলে আসছেন এখনই প্রেসিডেন্টকে অপসারণ করা উচিত হবে না। তার মতে, অভিশংসন না করে তাকে ভোটে হারাতে হবে। এরপর বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে জেলে পাঠাতে হবে।

এর জবাবে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাত্কারে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, পেলোসি একজন নোংরা, প্রতিহিংসাপরায়ন ও ভয়ংকর ব্যক্তি। ট্রাম্প বলেন, আমি পেলোসিকে মেধাবী বলেও মনে করি না। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে পেলোসির অফিস কোনো উত্তর দেয়নি। এর আগেও প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকজন নারীকে নোংরা বলে উল্লেখ করেছিলেন।