শ্রদ্ধা-ভালোবাসায় রাঙ্গামাটির ২ ফায়ার ফাইটারের শেষকৃত্য সম্পন্ন

আপডেট : ০৬ জুন ২০২২, ১৯:১২

চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুন নেভাতে গিয়ে প্রাণ হারানো পার্বত্য জেলা রাঙ্গামাটির দুই সন্তান ফায়ার ফাইটার মিঠু দেওয়ান ও নিপুন চাকমার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
 
সোমবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রাঙ্গামাটিতে তাদের মরদেহ নিয়ে আসা হয়।

দুইজনের মরদেহ রাঙ্গামাটি আনার পর প্রথমেই তাদের স্ব স্ব বাড়িতে নিয়ে যাওয়া হয়। মিঠু দেওয়ানের মরদেহ শহরের ট্রাইবাল আদাম এলাকায় এবং নিপুন চাকমা মরদেহ কলেজ গেট সুদীপ্তা দেওয়ান সড়কের বাড়িতে নিয়ে যাওয়া হয়। মরদেহ বাসায় পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সহকর্মী ও প্রতিবেশীরা চোখের জল ও ফুলেল শ্রদ্ধায় এই ফায়ার ফাইটারদের শেষ বিদায় জানান।

নিজ বাসা থেকে পরবর্তীতে দুইজনের মরদেহ ফায়ার সার্ভিস কার্যালয়ে নিয়ে আসা হয়। এ সময় তাদের দুইজনকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ফায়ার ফাইটারকে ফুল দিয়ে সম্মান শ্রদ্ধা জানান।  

এ সময় পরিবারের হাতে জেলা প্রশাসন থেকে ১০ হাজার টাকা ও ফায়ার সার্ভিস থেকে ২০ হাজার টাকা দেওয়া হয়। এরপর দুপুর ১২টায় দুইজনের মরদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়। ব্রাহ্মণটিলা শ্মশানে মিঠু দেওয়ানের ও আসামবস্তি মহাশ্মশানে নিপুন চাকমার শেষকৃত্য সম্পন্ন হয়।

মিঠু দেওয়ানের ভাই টিটু দেওয়ান বলেন, মিঠু ১২ দিনের ছুটি ভোগ করে শনিবার দুপুরে কুমিরায় কর্মস্থলে যোগ দেয়। সেদিন রাতেই সীতাকুণ্ডে আগুন নেভাতে গিয়ে কন্টেইনার বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যায় সে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, এই ধরনের ঘটনা বেদনাদায়ক, এই পেশাটাই এমন চ্যালেঞ্জের। সর্বদাই আমাদের ঝুঁকির মধ্যে কাজ করতে হয়। কন্টেইনারে দাহ্য পদার্থ ছিল এটা জানা থাকলে হয়তো এতো প্রাণহানি হতো না।

 

ইত্তেফাক/ইউবি