পুকুরে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু 

আপডেট : ০৬ জুন ২০২২, ১৯:৪৯

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরে পৃথক পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুন) সকাল ৮ টা থেকে বেলা ১২ টার মধ্যে পৃথক দুর্ঘটনায় এ মৃত্যু ঘটে। ১৬ এপিবিএন এর অধিনায়ক এসপি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এরমধ্যে বেলা ১২ টায় উপজেলার নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের বি-ব্লক এলাকায় ছাগল চড়াতে গিয়ে সাইফুল (১৪) পুকুরে পড়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় আইপিডি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করেন।  সেখানে বেলা আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত সাইফুল একই ব্লকের ১০০৯/৪ নম্বর শেডের আইয়ূব আলীর ছেলে। 

একইদিন (সোমবার) সকাল ৮ টায় একই ক্যাম্পের ডি ব্লক সংলগ্ন তারকাঁটা বেষ্টনীর বাহিরের পুকুর থেকে দুই রোহিঙ্গা শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। রবিবার সন্ধ্যা থেকেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এরা হলো, একই ব্লকের শেড ৭১২/১ এর মোহাম্মদ সাকেরের ছেলে কামাল সাদেক (৭) ও ক্যাম্প-২৬ (শালবাগান) এর নুরুল বাশারের ছেলে ইয়াছির (৮)। 

১৬ এপিবিএন এর অধিনায়ক এসপি তরিকুল ইসলাম বলেন, নিহতদের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি টেকনাফ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

ইত্তেফাক/এআই