যাত্রীবেশে ডোমার রেল স্টেশনে দুদকের অভিযান

আপডেট : ০৬ জুন ২০২২, ২১:২৮

যাত্রী সেজে নীলফামারীর ডোমার রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৬ জুন) সারাদিন যাত্রী সেজে থাকার পর বিকালে এ অভিযান চালায় দুদক। 

দুদকের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক হোসাইন শরিফ এর নেতৃত্বে উপ-সহকারী পরিচালক মমিন উদ্দিন, জয়ন্ত সাহা ও রুবেল হোসেন অভিযান পরিচালনা করেন। স্টেশনের দুই জন বুকিং সহকারী মো. রাশেদ ও মো. মাহবুবের সঙ্গে টিকেট কালোবাজারিদের যোগাযোগ আছে বলে জানায় দুদকের অভিযান পরিচালনাকারী দল।

দুদকের সহকারী পরিচালক হোসাইন শরিফ জানান, স্টেশনের বুকিং অফিস ও টিকেট কাউন্টারে তল্লাশি করা হয়েছে। টিকিট রেজিস্টার খাতা পরীক্ষা করে দেখা যায় প্রধান বিচারপতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ এলাকার রাজনৈতিক নেতা এবং কিছু প্রভাবশালী ব্যক্তিদের নামে একাধিক টিকিট বুকিং ছিল। অনেকের সঙ্গে যোগাযোগ করেছি। অনেকে টিকেট বুকিংয়ের বিষয়ে নিশ্চিত করলেও অতিরিক্ত টিকেট বুকিং না করার কথা জানান তারা।

তিনি আরও জানান, আমরা সকাল থেকে যাত্রীবেশে ডোমার রেল স্টেশনে অবস্থান করেছি। সেখানে নীলফামারী স্টেশনের ৩টি টিকেট কিনেছি কালোবাজারিদের কাছে। স্টেশনে কর্মরত কারো সরাসরি কালোবাজারির প্রমাণ না পেলেও বুকিং সহকারীদের সঙ্গে টিকেট কালোবাজারিদের যোগাযোগ আছে বলে তিনি জানান। এ বিষয়ে আমরা কমিশনে প্রতিবেদন জমা দিবো এবং পশ্চিমাঞ্চল রেলের সাথে কথা বলেছি। তারাও একটি তদন্ত করবে বলে জানান তিনি। 

ডোমার রেলস্টেশন মাস্টার আশরাফুল ইসলাম বলেন, কোন টিকেট কালোবাজারি ডোমার স্টেশনে হবে না। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

ইত্তেফাক/জেডএইচডি