গৃহায়ণের প্রকৌশলী পরিমল কুরীর বিরুদ্ধে মামলা

আপডেট : ০৬ জুন ২০২২, ২১:৩৮

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিমল কুমার কুরীর (৫৮) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) আমির হোসাইন বাদী হয়ে সোমবার দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে মামলাটি করেন। একই অপরাধে পরিমলের স্ত্রী সোমা সাহার বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে দুদক।

দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, পরিমল কুমার কুরী জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার বেলাট গ্রামের মৃত পশুপতি কুরীর ছেলে। বর্তমান ঢাকার মিরপুর-২ এলাকার ১ নম্বর রোডের অফিসার্স কোয়ার্টারে থাকেন। তার নামে অভিযোগ ওঠার পর তদন্ত শেষ করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়। পরে দুর্নীতি দমন কমিশন পরিমল কুমার কুরীরকে তার নামে থাকা সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সুপারিশ করে প্রতিবেদন দাখিল করা হয়। এরপর দুর্নীতি দমন কমিশনের আদেশে পরিমল কুরী তার সম্পদ বিবরণী দাখিল করেন। তদন্ত কর্মকর্তা হিসেবে তিনি তা যাচাই করেন। পরে অসঙ্গতি থাকায় তার নামে মামলা দায়েরের সুপারিশ করা হয়।

সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, পরিমল কুমার কুরী দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩৬ লাখ ১২ হাজার ৬৭৯ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন। 

রাজশাহী মহানগর দায়রা জজ আদালত দুদকের মামলাটি সোমবার আমলে নিয়েছেন। এখন সেখান থেকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই অপরাধে পরিমল কুমার কুরীর স্ত্রী সোমা সাহার নামেও পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন দুদক কর্মকর্তা। 

ইত্তেফাক/ইউবি