শিকড় ছিঁড়ে আবার ইটপাথরের নগরে

আপডেট : ০৮ জুন ২০১৯, ০০:৩২

স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে এবার ঢাকায় ফেরার পালা। শিকড়ের টান ছিন্ন করে আবার ইটপাথরের নগরে ফিরতে হচ্ছে তাদের। কয়েক দিনের ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। যাত্রাপথের ভোগান্তি এড়াতে দুইদিন ছুটি হাতে রেখেই ঢাকায় ফিরছেন তারা। গতকাল শুক্রবার সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং বাস টার্মিনালগুলোতে ঢাকায় ফিরে আসা অনেক মানুষকেই  দেখা গেছে। সকাল থেকে ফিরতি মানুষের চাপ তুলনামূলক কম থাকলেও বিকাল নাগাদ চাপ বাড়ে।

গতকাল ঈদের ছুটির তৃতীয় দিনেও রাজধানীর রাস্তাঘাট অধিকাং্শই ছিল ফাঁকা। নগরবাসী নির্বিঘ্নে শহরে ঘুরে বেড়াতে  পেরেছেন। তবে রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা ক্রমশ বাড়ছে। গত দুদিন পুরোপুরি বন্ধ থাকলেও গতকাল কোনো কোনো এলাকায় সীমিত পরিসরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খুলে পরিষ্কার ও ধোয়ামোছা করতে দেখা গেছে। রাস্তার পাশে চা ও পানের দোকান খুলতেও দেখা যায়।

সরকারি অফিস-আদালতে ঈদের ছুটি শেষ হবে আজ শনিবার। রবিবার প্রথম কর্মদিবস। ফলে কাল থেকে আবার কর্মমুখর হয়ে উঠবে রাজধানী। ঈদের ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার বেশ কয়েকদিন ছুটি পেয়েছিলেন চাকরিজীবীরা। স্বজনদের সঙ্গে ঈদ করতে সুবিধামতো সময়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন ঘরমুখো মানুষ। দুএকদিন ছাড়া এবার তেমন একটা ভিড় হয়নি। এদিকে ঈদের ছুটি শেষে কিছু মানুষ ঢাকায় আসলেও গতকাল অনেককে ঢাকা ছেড়ে যেতে দেখা গেছে। দেরিতে হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে স্বজনদের কাছে যাচ্ছেন তারা। দেরিতে ঢাকা ত্যাগকারীদের সংখ্যাটাও নেহায়েত কম নয়।