নওগাঁর আত্রাই উপজেলার ভাঙ্গাজাঙ্গাল হয়ে নাটোর অভিমুখী সড়কটি বন্যায় বিধ্বস্তের দুই বছর পার হলেও তা সংস্কার করা হয়নি। ফলে ঐ এলাকার হাজার হাজার মানুষকে যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
জানা যায়, প্রায় দেড় যুগ আগে ভাঙ্গাজাঙ্গাল-নাটোর সড়কের নাটোরের অংশ পাকাকরণ করা হয়। পরে গত পাঁচ-ছয় বছর পূর্বে আত্রাইয়ের অংশও পাকা করা হলে সড়কটির গুরুত্ব বেড়ে যায়। কিন্তু দুই বছর আগে ভয়াবহ বন্যায় সড়কটির আত্রাইয়ের অংশে প্রায় আধা কিলোমিটার সড়ক বিধ্বস্ত হয়ে যায়। সড়কটি বিধ্বস্ত হওয়ার পর অদ্যাবধি এটি সংস্কার করা হয়নি।
সিএনজি চালক বৈঠাখালী গ্রামের মোয়াজ্জেম হোসেন বলেন, এ সড়কের আত্রাইয়ের অংশ সংস্কার না হওয়ায় আমরা জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চালাই। মাঝেমধ্যেই ছোটবড় দুর্ঘটনা ঘটে থাকে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা বলেন, সড়কটি সংস্কারের জন্য উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় একাধিকবার উপস্থাপন করেছি।
এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী জোনায়েত আলম বলেন, সড়কটি পুনর্নির্মাণের জন্য প্রাক্কলন প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।
