আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে আনোয়ারায় ৬৩ হাজার ৬৬৬টি পশু প্রস্তুত করছেন খামারিরা। এতে আনোয়ারাসহ অন্যান্য উপজেলার চাহিদা মেটানো সম্ভব হবে বলে জানান তারা।
জানা যায়, উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় ৩০টি হাটে গবাদি পশু বেচাকেনা হয়। এসব হাট থেকে ব্যাপারীরা গরু ক্রয় করে চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করেন। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে, আনোয়ারায় ছোটবড় মিলে শতাধিক খামার রয়েছে। এসব খামারে এবার ৬৩ হাজার ৬৬৬টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে ৪৭ হাজার ২৮১টি গরু, ২ হাজার ৬৩০টি মহিষ, ১৪ হাজার ছাগল আর ভেড়া রয়েছে ২৫০টি।
উপজেলার চৌধুরী এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের স্বত্বাধিকারি মোহাম্মদ ইফতেখার বলেন, আমার খামারে কোরবানি উপলক্ষে গরু প্রস্তুত করা হয়। হুদা ডেইরি ফার্মের স্বত্বাধিকারী নুরুল হুদা বলেন, বাইরে থেকে গরু না এলে আমরা আশানুরূপ লাভবান হবো।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নইফা বেগম বলেন, বছরব্যাপী গরু মোটাতাজাকরণের বিভিন্ন প্রশিক্ষণ আমরা খামারি এবং কৃষকদের দিয়ে থাকি। কোরবানি উপলক্ষ্যে খামারিরা যেন কোনো ধরনের অসাধু উপায় ব্যবহার না করে তার জন্য প্রয়োজনবোধে অভিযান পরিচালনা করা হবে।
