পরীক্ষামূলকভাবে সপ্তাহে তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন যুক্তরাজ্যের কর্মীরা। হাজার হাজার কর্মী সোমবার থেকে চার দিনের কাজ শুরু করেছেন। নতুন পরিকল্পনায় তাদের সপ্তাহে চার দিন কাজ আর তিন দিন ছুটি থাকবে। আর এ কারণে তারা বেতন আগের মতোই পাবেন অর্থাৎ এতে তাদের বেতনে কোনো হেরফের হবে না।
নতুন একটি পরিকল্পনার অংশ হিসেবে আগামী ছয় মাস ধরে কর্মীরা সপ্তাহে চার দিন কাজ করবেন। তবে এখনই পুরো যুক্তরাজ্যে এই কার্যক্রম শুরু হচ্ছে না। আপাতত দেশটির ৭০টি কোম্পানির ৩ হাজার ৩০০ কর্মী এই সুযোগ পাচ্ছেন। এর মধ্যে রেস্টুরেন্ট ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এই কর্মসূচির আওতায় কর্মীরা সপ্তাহে ৮০ শতাংশ কম সময় দিয়েও বেতনের পুরো অর্থই পাবেন। তবে তাদের অবশ্যই শতভাগ উত্পাদনশীলতায় নিশ্চিত করতে হবে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও বোস্টন কলেজের গবেষকদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এই প্রকল্প পরিচালনা করছে অলাভজনক প্রতিষ্ঠান ফোর ডে উইক গ্লোবাল, থিংক ট্যাঙ্ক অটোনমি এবং ফোর ডে উইক ইউকে ক্যাম্পেইন।
লন্ডনের প্রেশার ড্রপ ব্রিউইংয়ের ব্র্যান্ড ম্যানেজার সিয়েনা ও রর্ক জানান, তাদের কোম্পানির প্রধান লক্ষ্য ছিল কর্মীদের মানসিক স্বাস্থ্য ও সার্বিক উন্নয়ন। তিনি বলেন, ‘করোনা মহামারি আমাদের কাজ এবং মানুষ কীভাবে জীবন-যাপন করছে সে বিষয়গুলো নতুন করে ভাবতে শিখিয়েছে। আমরা আমাদের কর্মীদের জীবনমান উন্নত করতে এবং বিশ্বে একটি প্রগতিশীল পরিবর্তনের অংশ হওয়ার জন্যই এই কার্যক্রম শুরু করেছি।
