ঢাকা নারী প্রিমিয়ার ক্রিকেট লিগে গতকাল ঘটল এক বিরল ঘটনা| বিকেএসপির এক নম্বর মাঠে সিটি ক্লাবের দেওয়া ২৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৪১ রানেই গুটিয়ে যায় মিরপুর প্রমীলা ক্লাব| সেই দলের আট জনই খুলতে পারেননি রানের খাতা| এর মধ্যে ছয় জনই আউট হন শূন্য রানে| বাকি দুই জনের এক জন আহত অবসর ও আরেক জন অপরাজিত ছিলেন| সর্বোচ্চ ২১ রান আসে ওপেনার প্রমা কুণ্ডুর ব্যাট থেকে|
পয়েন্ট টেবিলের তলানীতে থাকা দলটির বিপক্ষে সিটি ক্লাবের জয় ২০৯ রানের বিশাল ব্যবধানে| ৭ রানে ৪ উইকেট নিয়ে জয়ে বড় অবদান রাখেন মুর্শিদা নাজনীন| দুটি করে উইকেট নেন সুরাইয়া চন্দা ও লেকি চাকমা| এর আগে টস জিতে ৫ উইকেটে ২৫০ রান করে সিটি| পারভিন খান ৭১ রানে অপরাজিত ছিলেন|
বিকেএসপিতে দিনের বাকি দুই খেলায় প্রথম জয়ের দেখা পেয়েছে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি| আগের ছয় ম্যাচে জয়ের দেখা মিলেনি একবারও| তবে সপ্তম ম্যাচে এসে প্রথম জয় ধরা দিল তাদের হাতে| বিকেএসপির চার নম্বর মাঠে ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে ১৮৩ রানে হারায় কেরানীগঞ্জ| পাশে তিন নম্বর মাঠে গুলশান যুব নারী দলের বিপক্ষে ১৭ রানে জিতে আনসার|
