বনশ্রীতে ৫ম শ্রেণির ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৮ জুন ২০১৯, ০০:৪৮

রাজধানীর বনশ্রীতে সেবাজ হোসেন (১১) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল  শুক্রবার রাতে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, বাবার বকুনি খেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ৫ম শ্রেণির ওই স্কুল ছাত্র।

শিশুটির বাবা গোলাম মোস্তফা বলেন, প্রতিবেশি বাচ্চাদের নালিশের কারণে সেবাজকে চড় দিলে অভিমান করে বাথরুমে গিয়ে কাপড় দিয়ে গলায় ফাঁস দেয়। তিনি জানান, তারা রামপুরা বনশ্রীর ই ব্লকে একটি বাসায় পরিবার নিয়ে থাকেন এবং ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করেন। সেবাজ স্থানীয় স্কুলে পড়ালেখা করে। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা দক্ষিণ আলোনিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আব্দুল খান। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।