খাদ্যশস্যের সরবরাহ বন্ধ নিয়ে সম্প্রতি বৈঠকে বসেছিল ইউক্রেন এবং রাশিয়া। তুরস্কে প্রশাসনের মধ্যস্থতায় সেই বৈঠক হয়েছিল। কিন্তু সেখান থেকে কোনো সমাধানসূত্র মেলেনি। ডয়েচে ভেলের সংবাদদাতা জানিয়েছেন, বৈঠকে ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। তাদের অভিযোগ, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে খাদ্য শস্যের সরবরাহ বন্ধ করে রেখেছে। যদিও রাশিয়া পূর্ব ইউক্রেনের সবচেয়ে বড় খাদ্যশস্যের বন্দর ধ্বংস করে দিয়েছে।
ইউক্রেনের পাল্টা অভিযোগ, রাশিয়া কৃষ্ণসাগরে অবরোধ তৈরি করে রেখেছে বলেই এই সংকট তৈরি হয়েছে। গোটা আফ্রিকা খাদ্য সংকটে ভুগছে। কিন্তু রাশিয়া তা মানতে চায়নি।
রাশিয়ার বক্তব্য, যুদ্ধের কারণে জাহাজগুলি যাতে ধ্বংস না হয়, সে কারণে সব জাহাজকে ওই রাস্তায় যাতায়াত করতে দেয়া হচ্ছে না।
আফ্রিকার দেশগুলিও খাদ্য সংকট নিয়ে আশঙ্কায় পড়েছে। এ বিষয়ে বরাবরই তারা রাশিয়ার মুখাপেক্ষী।
