পদ্মা সেতুর অনুষ্ঠানের পরিবর্তে হেলিকপ্টার কেনার তথ্যটি ভুয়া

আপডেট : ০৮ জুন ২০২২, ১৬:২৫

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফায়ার সার্ভিসের জন্য তিনটি হেলিকপ্টার কেনার ঘোষণা দিয়েছেন বলে একটি গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে এটা শেয়ারও করেছেন। 

এ বিষয়ে সতর্ক করে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির সদস্য প্রকৌশলী তন্ময় আহমেদ ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

তিনি জানান, এখন পর্যন্ত এ রকম কোনো ঘোষণা আসেনি। আর যেই টাকায় হেলিকপ্টার কেনার কথা বলা হচ্ছে সেটা কোনো পরিবহনের কাজে ব্যবহারের হেলিকপ্টার নয়। একটি ফায়ার ফাইটিং হেলিকপ্টারের দাম ২২-২৫ মিলিয়ন ডলার বা কমে হলেও ২০ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যার দাম ১০০ কোটিরও অনেক উপরে।

এ প্রকৌশলী জানান, কিছু ইউরোপিয়ান কোম্পানি ১২-১৩ মিলিয়নেও এসব হেলিকপ্টার দেয় কিন্তু সেগুলো দুর্গম/দুর্গত/আক্রান্ত এলাকা থেকে মানুষ উদ্ধারের জন্য। ফায়ার ফাইটিং হেলিকপ্টার মানেই তার পে লোড ক্যাপাসিটি ৬০০-১০০০ কেজি ওজনের পানি এবং অন্যান্য আগুন নেভানোর জিনিসপত্র বহন করে।

তন্ময় আহমেদ বলেন, সীতাকুণ্ডের মানবিক ক্রাইসিসের পর আওয়ামী পরিবারের সদস্যরাই ছুটে গেছে। কোনো নুরা গ্যাং, শিবির-চাচ্চুদল গ্যাং সেখানে যায়নি। তারাই বসে বসে আজকে গুজব তৈরি করে আপনাদের বোকা বানিয়ে বাদর খেলা দেখাবে।

এদিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুরে বিএম কনটেইনার ডিপোর আগুন টানা ৮৭ ঘণ্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। দীর্ঘ এ অগ্নিকাণ্ডে অন্তত ৪০০ কনটেইনার ধ্বংস হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছেন। 

অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের এ ঘটনায় অজ্ঞাত আটজনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুন) সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে এ মামলাটি করেন। মামলায় দুর্ঘটনায় অবহেলার অভিযোগ আনা হয়েছে।

 

ইত্তেফাক/এসজেড