আপিল করলেন ডেসটিনির হারুন

আপডেট : ০৯ জুন ২০২২, ১১:৩৩

অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় চার বছরের কারাদণ্ড পাওয়া ডেসটিনির গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ সাজার আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করেছেন।

বৃহস্পতিবার (৯ জুন) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চে তার আপিল আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

গত ১২ মে আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম।

রায়ে ডেসটিনির এমডি রফিকুল আমীনকে ১২ বছরের কারাদণ্ড ও দুইশত কোটি টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদকে ৪ বছরের কারাদণ্ড ও সাড়ে তিন কোটি টাকা জরিমানা করা হয়।

ইত্তেফাক/কেকে