পূর্ব ইউক্রেনের সেভারোদোনেৎস্ক শহরে রুশ বাহিনী ও ইউক্রেনের মধ্যে তীব্র লড়াই চলছে। এ শহরের যুদ্ধের ফলাফলের ওপর পূর্ব ইউক্রেনের ভাগ্য নির্ভর করছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (৯ জুন) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মেয়র আলেকসান্দার স্ট্রিউকের মতে, সেভারোদোনেৎস্ক শহরের শিল্পাঞ্চল ও সংলগ্ন এলাকাগুলোকে প্রতিরক্ষা করছে ইউক্রেনের বাহিনী। তবে পরিস্থিতি কঠিন হলেও তা দমনীয় বলে জানান তিনি।
আলেকসান্দার বলেন, তীব্র রুশ আর্টিলারি হামলা সত্ত্বেও প্রতিরক্ষা লাইন ধরে রেখেছে কিন্তু সেভারোদোনেৎস্ক শহর থেকে বেসামরিকদের উদ্ধার করা এখন অসম্ভব। শহরে প্রায় ১০ হাজার বেসামরিক লোক রয়েছে।
আঞ্চলিক গভর্নর বলেন, সেভারোদোনেৎস্ক শহরের রাস্তায় লড়াইয়ের তীব্রতা বেড়েছে এবং রাশিয়ান বাহিনী সবকিছু ধ্বংস করার চেষ্টা করছে।
লুহানস্ক অঞ্চলের গভর্নর সের্হি হাইদাই বলেন, রাশিয়ার গোলা নিক্ষেপ এবং বিমান হামলা বাড়ানোর পর বিশেষ বাহিনী পিছু হটেছে। "আমাদের বাহিনী এখন আবার শুধুমাত্র শহরের বাইরের অংশ নিয়ন্ত্রণ করছে," তিনি স্থানীয় গণমাধ্যমকে বলেন।
"তবে লড়াই এখনও চলছে, আমাদের বাহিনী সেভারোদোনেৎস্ককে রক্ষা করছে।" "এটা বলা অসম্ভব যে রাশিয়ানরা শহরটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে," তিনি আরও বলেন।
এদিকে বুধবার রাশিয়া বলেছে , ইউক্রেন ডনবাসে "জনশক্তি, অস্ত্র ও সামরিক সরঞ্জামের ক্ষেত্রে মারাত্মক ক্ষতির শিকার হয়েছে।" মার্চের শেষের দিকে যখন রাশিয়ার সেনারা রাজধানী কিয়েভের আশপাশ থেকে পিছু হটে, তখন যুদ্ধের কেন্দ্রবিন্দু পূর্ব ইউক্রেনের দিকে সরে যায়।
২০১৪-১৫ সালের যুদ্ধের পর থেকেই ডনবাসের বড় অংশ রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে।
