যে কারণে জিদানকে পিএসজির কোচ হিসেবে চান ম্যাক্রোঁ

আপডেট : ০৯ জুন ২০২২, ১৯:৪২

২০২৩ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে মওরিসিও পচেত্তিনোর। তবে গুঞ্জন রয়েছে এই গ্রীষ্মেই তাকে ছাঁটাই করতে পারে ফরাসি জয়ান্টরা। এরই মধ্যে আর্জেন্টাইন কোচের বিকল্প খুঁজতে শুরু করেছে তারা। ফ্রান্সের কিংবদন্তী ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদানকে না কি প্রস্তাবও দেওয়া হয়েছে। যদিও, পিএসজির প্রস্তাবে জিদান সাড়া দেননি বলেই খবর।

এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, পিএসজির কোচ হিসেবে তিনি জিদানকে চান। বুধবার (৮ জুন) আরএমসি স্পোর্টসকে ম্যাক্রোঁ বলেন, ‘জিদানের সঙ্গে আমার কথা হয়নি। তবে একজন খেলোয়াড় ও কোচ হিসেবে তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা ও সম্মান রয়েছে।’

তিনি আরও বলেন, ‘রিয়াল মাদ্রিদকে তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দিয়েছেন জিদান। যা আমরা আমাদের ক্লাবের (পিএসজি) জন্যও চাই। আমি চাই সে ফিরে আসুক এবং ফ্রান্সকে এগিয়ে নিয়ে যাক। আমি আশা করি, যদি জিদান ফ্রান্সের বড় একটি ক্লাবের কোচ হিসেবে আসে, তাহলে তা ফ্রেন্স লিগ ও দেশের ফুটবলের জন্য বিশাল কিছু হবে।’

আমার কাজ হচ্ছে এটা বলা যে, ক্রীড়া এবং ফুটবলের জন্য ফ্রান্স একটি মহান জাতি। এখানকার মানুষজন খেলোধুলা ভালোবাসে। সেরা খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ,’ যোগ করেন ফ্রান্স প্রেসিডেন্ট।

ইত্তেফাক/টিএ