বগুড়ায় ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অনাদায়ে তাকে আরও ১ বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর ওই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম দুলু প্রামাণিক(৫৫)। সে বগুড়ার ধুনট উপজেলার আনারপুর দহপাড়া গ্রামের সিদ্দিক প্রামাণিকের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) আশেকুর রহমান সুজন জানান, ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে জেলার ধুনটের আনারপুর এলাকায় দুলু প্রামাণিক তার প্রতিবেশী তালাকপ্রাপ্ত এক নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী ধুনট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে দুলু প্রামাণিক জামিন পান এবং তখন থেকেই তিনি পলাতক রয়েছেন। দীর্ঘ ১৩ বছর পর ধর্ষণের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন।
