‘আহারে শহরে’ গান দিয়ে শ্রোতাদের মন আগেই কেড়েছিলে বাংলা গানের ব্যান্ড ‘ক্ষ্যাপার দল’। এবার তারা হাজির হয়েছে নতুন গান ‘দাম বাড়েনি মানুষের’ নিয়ে।
ইতিমধ্যে সাড়াজাগানো এ গানটি লিখেছেন গীতিকার রাফিউজ্জামান রাফি। সুমন কল্যাণের সুর সংগীতে সম্প্রতি গানটি প্রকাশ পেয়েছে প্রোটিউনের ইউটিউব চ্যানেলে।
গানটি প্রসঙ্গে সুমন কল্যাণ বলেন, ‘আজকাল আমাদের সব কিছুর দাম আকাশ ছোঁয়া। কিন্তু সেখানে মানুষের দাম কতটুকু বেড়েছে এ প্রশ্ন আমাদের সবার মুখে শোনা যায়। এ গানে একটি ম্যাসেজ রাখার চেষ্টা করেছি।’
তিনি জানান, আরও কিছু গান তৈরি করেছে ‘ক্ষ্যাপার দল’। গানগুলোতে উঠে এসেছে চলমান অসঙ্গতি ও অবক্ষয়সহ বিবিধ বিষয়। পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ করা হবে।
গানটির রচনাকার রাফিউজ্জামান রাফি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আমি প্রথমে কবিতা লিখেছিলাম। পরে দাদা সুমন কল্যাণের তাগাদায় কবিতাটিই গানে রূপ নেয়।’
ব্যান্ডটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কিবোর্ডে রয়েছেন সুমন কল্যাণ নিজেই। ড্রামার হিসেবে রয়েছেন মান্নান সোহেল। গিটারে রয়েছেন রাজীব ঘোষ ও দানেশ।

কাশ্মিরি গায়িকা সাজিয়ার সাফল্যের গল্প