চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্স রোগী সন্দেহে এক নারীকে আইসোলেশনে রাখা হয়েছে। শুক্রবার (১০ জুন) সকালে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্প্রসারিত ভবনের তিনতলার একটি কক্ষে রাখা হয়। সদর হাসপাতালের আরএমও ডা. এসএম ফাতেহ আকরাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই নারীর বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভাণ্ডারদহ গ্রামে। তার বয়স ৬০ বছর।
চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এসএম ফাতেহ আকরাম জানান, ‘বৃহস্পতিবার গায়ে ফোসকা, সর্দি-জ্বর ও ব্যথা নিয়ে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন ওই নারী। বহির্বিভাগের চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে হোম আইসোলেশনে পাঠান। ফোকসার কারণ মাঙ্কিপক্স কিনা তা জানতে শনিবার মেডিক্যাল বোর্ড বসিয়ে রোগীর দেহ থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।’
