প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া বলেছেন, ভুঁইফোঁড় অনলাইন মিডিয়া নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।
শুক্রবার সকালে খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে মিট দ্যা প্রেসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্য অধিদফতর ও খুলনা আঞ্চলিক তথ্য অফিস প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগের ব্রান্ডিং বিষয়ে এই মিট দ্যা প্রেসের আয়োজন করে।
প্রধান তথ্য অফিসার বলেন, এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি বিশ্ববাসীকে অবাক করেছে। অল্প সময়ের মধ্যে একটি উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০ উদ্যোগ।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাহসী ১০ উদ্যোগ বাস্তবায়নের ফলে আমরা এখন ২০৪১ সালের উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি। নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প বাস্তবায়ন করে বিশ্বে নজির স্থাপন করেছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রশাসন) খালেদা বেগম, সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রোটকল) মো. আবদুল জলিল, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।
স্বাগত বক্তব্য রাখেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মুনিম লিংকন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগের বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. আতিকুর রহমান মুফতি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র তথ্য অফিসার মো. মঈনউদ্দীন।

সোশ্যাল মিডিয়া অশিক্ষিতদের চায়ের দোকান: নচিকেতা