মনোহরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ১১ জুন ২০২২, ০১:০৩

কুমিল্লার মনোহরগঞ্জে পানিতে ডুবে রেহানা আক্তার রিয়া (৭) ও ইফতিহা সুলতানা মিম (৭) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুন) বিকালে উপজেলার সাইকচাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়া ঐ গ্রামের সৌদি প্রবাসী রুবেল মিয়া ও মিম একই গ্রামের ফার্ণীচার মিস্ত্রি মহিন উদ্দিন এর মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন উপজেলার নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল।

পুলিশ ও নিহত শিশুদের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর বেলা বাড়ির পাশে সদ্য মাটি কাটা একটি বড় গর্তের পাড়ে তারা খেলতে যায়। হঠাৎ তাদের পাওয়া না গেলে অনেক খোঁজাখুজির পর গর্তে পড়ে যেতে পারে এমন সন্দেহে বাড়ীর লোকজন ঐ গর্তে নেমে খুঁজে পায় ও মৃতাবস্থায় তাদের উদ্ধার করে। মেয়ের মৃত্যুর খবর শুনে চট্রগ্রাম থেকে ছুঠে আসেন মিম এর বাবা মহিন উদ্দিন। দাফনের পূর্ব মুহুর্তে মেয়েকে দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। 

এদিকে মেয়ের এমন মৃত্যুতে শোকে বিহবল রিয়ার মা আইরিন আক্তার বারবার মূর্ছা যাচ্ছেন। তাদের মৃত্যুতে ঐ বাড়িতে শোকের ছায় নেমে আসে। উভয় পরিবারে চলছে শোকের মাতম। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শুক্রবার বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

ইত্তেফাক/এএইচপি