গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্টে দোকানির মৃত্যু

আপডেট : ১১ জুন ২০২২, ০৯:৪৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক হোসেন (৪০) নামে এক দোকানির মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় দেওপুরামোড়ে একটি ইলেকট্রনিক দোকানে অটোরিকশার ব্যাটারি চার্জ থেকে খোলার সময় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক পার্বতীপুর ইউনিয়নের দান্দিপুর গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিনের ছেলে। তার দেওপুরা মোড়ে চা ও পানের দোকান রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে ওই মোড়ের পার্শ্ববর্তী ফিরোজের ইলেকট্রনিক দোকানে ফারুক ব্যাটারি চার্জ দিয়ে রাখেন। সন্ধ্যা সাতটার দিকে তিনি ব্যাটারি আনতে যান। সে সময় ব্যাটারি থেকে বিদ্যুতের সংযোগ খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় দোকানের মালিক ফিরোজ তাকে উদ্ধার করতে এসে আহত হন। পরে স্থানীয়রা বিদ্যুৎস্পৃষ্ট ফারুককে উদ্ধার করে স্থানীয় একটি সেবা ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, ফারুকের মৃতদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/এমআর