বিশ্বকাপ ও নেশন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। দলটির খেলোয়াড়রাও রয়েছেন দুর্দান্ত ফর্মে। তবু, নেশন্স লিগের চলমান আসরে এখনো জয়হীন তারা। প্রথম ম্যাচে ডেনমার্কের কাছে ২-১ ব্যবধানে হার, দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র এবং সর্বশেষ গতকাল অস্ট্রিয়ার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র। সবমিলিয়ে তিন ম্যাচে দুই ড্র ও এক পরাজয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে ফরাসিরা।
গতকালের ম্যাচেও প্রায় হারতে বসেছিল দিদিয়ের দেশমের শীষ্যরা। শেষদিকে বদলি নামা কিলিয়ান এমবাপ্পের গোলে সমতায় ফেরে তারা। এতেই রক্ষা! প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন এমবাপ্পে। সেটির কারণে দ্বিতীয় ম্যাচে খেলতে পানেননি তিনি। গতকাল শুরুর একাদশেও ছিলেন না। ৬৩ মিনিটে আঁতোয়ান গ্রিজমানের বদলি হিসেবে তাকে মাঠে নামান দেশম।
৮৩ মিনিটে বাঁ পায়ের জোরাল শটে ফ্রান্সকে সমতায় ফেরান পিএসজি তারকা। ভাগ্য সহায়তা পেলে হয়তো জয়ও এনে দিতে পারতেন। কিন্তু সেটি আর হলো না। এর আগে প্রথমার্ধের ৩৭ মিনিটে অস্ট্রিয়াকে এগিয়ে নেন আন্দ্রেয়া উইমানে।

