সিরাজগঞ্জের সলঙ্গায় বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাই বাবলু মিয়ার (৪৫) মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠেছে। ঘটনার পর থেকে বড় ভাই আব্দুল মজিদ পলাতক রয়েছেন।
শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া গ্রাম থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত বাবলু মিয়া পাঁচলিয়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘পাঁচলিয়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর দুই ছেলে বাবলু মিয়া ও আব্দুল মজিদের মধ্যে অনেক দিন ধরে জমি সংক্রাস্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই আব্দুল মজিদ ছোট ভাই বাবলু মিয়াকে ইট দিয়ে মাথায় আঘাত করেন। এতে ছোট ভাই গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।’
ওসি আরও বলেন, ‘খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।’
