নিখোঁজ সন্তানের সন্ধান চেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এইচ এম সা’দৎ। গত ৯ জুন তার ছেলে শামসুল আরেফিন সাদ বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি।
শনিবার (১১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এইচ এম সা'দৎ ইত্তেফাককে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ শামসুল আরেফিন সাদ সাভার সেনা পাবলিক স্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। তার বয়স ১৫ বছর ও উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। সে গত ৯ জুন সকাল সাড়ে ৬টায় স্কুলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
অধ্যাপক এ এইচ এম সা'দৎ বলেন, ‘গত ৯ জুন শামসুল আরেফিন সাদ'র স্কুলে পরীক্ষা ছিল। ফলে সকালে স্কুলে যাওয়ার উদ্দেশে বের হয়। তবে ছুটির পরও বাড়ি না ফিরে আসায় স্কুলে খোঁজ নিয়েছিলাম। তখন জানতে পারি, সাদ পরীক্ষায় অংশগ্রহণ করেনি। এরপর থেকে সাদ নিখোঁজ রয়েছে।’
স্ত্রী'র বরাত দিয়ে তিনি বলেন, ‘সাদ নিখোঁজের আগের রাতে মুঠোফোনে একটা মেসেজ পেয়েছিল। সেটা নিয়ে সে অনেক চিন্তিত ছিল। তবে মেসেজটি কি ছিল- তা আমরা জানতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘করোনাকালীন সময়ে সাদ ফ্রি ফায়ারসহ অনলাইন গেইমস খেলতো। সেখানে দেশি-বিদেশি অনেক বন্ধুদের সঙ্গে সাদ'র পরিচয় হয়। তার নিখোঁজের পেছনে তাদের যোগসাজশ থাকতে পারে।’
এ এইচ এম সা'দৎ বলেন, ‘সন্তানকে খুঁজে পেতে সাভারের আশুলিয়া থানায় একটি জিডি করেছি। এ ছাড়া কেউ আমার ছেলের সন্ধান পেলে ০১৮২২-৯২৪৬৯০ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করছি।’
এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম কামরুজ্জামান ইত্তেফাককে বলেন, ‘অধ্যাপক এ এইচ এম সা'দৎ তার সন্তানের নিখোঁজের ব্যাপারে জিডি করেছেন। আমরা আইন অনুযায়ী তার সন্তানকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা করছি।’
