অর্থনীতিতে ঘাটতি কমাতে সরকারি কর্মকর্তাদের নতুন গাড়ি কেনা বন্ধ করতে যাচ্ছে পাকিস্তান সরকার। শুক্রবার (১০ জুন) পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, সরকারের খরচ কমানো, বাজেটে ঘাটতি নিয়ন্ত্রণের চাপ মোকাবিলা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ সহায়তার শর্তপূরণে পাকিস্তানের সরকার এ পদক্ষেপ নিচ্ছে।
কয়েক বছর ধরেই গুরুতর অর্থনেতিক সংকটে ভুগছে পাকিস্তান। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার কোটি মার্কিন ডলারের নিচে নেমে গেছে। এই অর্থ দিয়ে এখন বড়জোর ৪৫ দিনের আমদানি ব্যয় মেটানো সম্ভব। পাকিস্তানের আর্থিক ঘাটতির পরিমাণ দিন দিন বেড়েই চলেছে।
শুক্রবার পাকিস্তানে ২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেট পেশ করেছেন দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। এসময় তিনি জানিয়েছেন, সরকার ধনীদের ওপর বাড়তি কর আরোপের পাশাপাশি বিলাসবহুল গাড়ি আমদানি ও সরকারি কর্মকর্তাদের নতুন গাড়ি কেনা নিষিদ্ধ করবে।
পাকিস্তানি অর্থমন্ত্রী বলেন, আমরা কঠিন সিদ্ধান্ত নিতে শুরু করেছি। এটিই শেষ নয়।
ঋণ দেওয়ার আগে পাকিস্তানকে আর্থিক ঘাটতি নিয়ন্ত্রণের শর্ত বেঁধে দিয়েছে আইএমএফ। ঋণের জন্য দেশটিকে দেওয়া আইএমফের শর্তগুলোর মধ্যে অন্যতম ছিল জ্বালানি ভর্তুকি বাতিল করা। পাকিস্তান সরকার এরই মধ্যে সেই দাবি পূরণ করেছে, যার কারণে দেশটিতে জ্বালানির দাম প্রায় ৪০ শতাংশ বেড়ে গেছে।
