গণ করোনা পরীক্ষা: সাংহাইয়ের একটি এলাকায় লকডাউন

আপডেট : ১১ জুন ২০২২, ১৫:৫২

করোনা মোকাবিলায় নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে চীন। এবার তারা সাংহাইয়ের একটি এলাকার সব মানুষের করোনা পরীক্ষা করাতে ১১ জুন সেখানে লকডাউন দিয়েছে।

মিনহাং নামের ওই শহরে২৭ লাখ মানুষের বাস। গত সপ্তাহে সেখানে করোনা বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। কেননা মার্চ থেকে শহরের ২৫ লাখ বাসিন্দা ঘর থেকে বের হননি। গত দুই বছরের মধ্যে করোনার ভয়াবহ সংকটে চীন।

মার্চ থেকে মে পর্যন্ত চীনের কোন শহরেই লকডাউন পুরোপুরি উঠিয়ে নেয়া হয়নি। সেসময় চীনের বেশিরভাগ বড় শহরে অভিবাসীরা ঘরের ভেতরে অবস্থান করেছেন। বাড়ির কম্পাউন্ডের বাইরে বের হননি তারা।

মিনহাং কর্তৃপক্ষ জানিয়েছে, ১১ তারিখ সকাল থেকে সেখানকার সব অধিবাসীদের করোনা পরীক্ষা শুরু হবে। সবার স্যাম্পল সংগ্রহ করা হলে লকডাউন তুলে দেয়া হবে। তবে তার নির্দিষ্ট সময় জানায়নি তারা। পরীক্ষায় যাদের করোনা শনাক্ত হবে তাদের কি ব্যবস্থা নেয়া হবে সে বিষয়টিও পরিষ্কার করেনি তারা। 

করোনার বিরুদ্ধে লড়তে চীন কঠোর নিয়ম চালু করেছে। করোনা হলে একেবারে বিচ্ছিন্ন থাকতে হবে। এমনকি যে বাড়ি বা অ্যাপার্টমেন্ট বা এলাকায় আক্রান্ত ব্যক্তি থাকবেন সেখানকার সব কোয়ারান্টাইনের আওতায় থাকবে। মিনহাং এর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই লকডাউন নিয়ে তাদের আশংকার কথা জানিয়েছেন। তাদের আশংকা যদি ওই শহরে একজনেরও দেহে করোনা শনাক্ত হয়, তাহলে দীর্ঘ সময় লকডাউনে থাকতে হবে তাদের।     

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এমন কোন আশংকার কারণ নেই। পরীক্ষা হওয়া মাত্র ধীরে ধীরে এলাকা ধরে লকডাউন তুলে নেয়া হবে।

এদিকে, সাংহাই শহর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। সাবওয়ে, বাস চলাচল করছে। মানুষ অফিসে যাওয়া শুরু করেছে। বেইজিংও ফিরে এসেছে স্বাভাবিক জীবনে। 

ইত্তেফাক/এসআর