দেশের মানুষকে বিকল্প শক্তি উপহার দিতে জাতীয় পার্টি কাজ করছে: জিএম কাদের

আপডেট : ১১ জুন ২০২২, ১৬:৩৭

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ-বিএনপির মধ্যে আদর্শগত ১৮০ ডিগ্রি ফারাক থাকলেও দেশ ও জনগণের অপছন্দের কর্মকাণ্ডে তাদের ব্যাপক মিল রয়েছে। জনগণ এখন বিকল্প শক্তি খুঁজছে। দেশের মানুষকে বিকল্প শক্তি উপহার দেওয়ার লক্ষে জাতীয় পার্টি কাজ করছে।

শনিবার (১১ জুন) দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনস্থলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষে তার দল কাজ শুরু করেছেন। তবে কোনো দল বিশেষ সরকারি বা বিএনপির সঙ্গে জোট করবে কিনা, তা পরিস্থিতি ও সময় বলে দেবে।

তিনি বলেন, জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি উপহার দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় চাঁদপুরে সম্মেলন অনুষ্ঠিত হলো।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমরনা হোসেন মিয়ার সভাপতিত্বে ও জাতীয় পার্টির প্রাদেশিক সম্পাদক প্রকৌশলী শওকত আকন্দ আলমগীর এবং জেলা জাতীয়পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল লতিফ শেখের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, দলের কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

ইত্তেফাক/এমএএম