নাগেশ্বরীতে বৃষ্টিতে ধসে গেছে সড়ক

আপডেট : ১১ জুন ২০২২, ১৯:৫৪

নাগেশ্বরীতে টানা বৃষ্টিতে সম্প্রতি কচাকাটা সড়ক ধসে গেছে। সৃষ্টি হয়েছে বড় গর্তের। উপড়ে পড়েছে বিদ্যুতের একটি খুঁটি। বন্ধ হয়ে গেছে সব ধরনের যান চলাচল।

সরেজমিনে গয়ে জানা যায়, টানা বৃষ্টির কারণে গত ৬ জুন কচাকাটা কলেজ-কচাকাটা ইউনিয়ন পরিষদ পাকা সড়কটির ব্যাপারীটারী এলাকায় এই ধসের ঘটনা ঘটে। বর্তমানে সেখান দিয়ে হেঁটে চলাচল করলেও বন্ধ হয়ে গেছে যান চলাচল। এছাড়া বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে প্রায় ৬০টি বাড়ির বিদ্যুৎ। 

কচাকাটা কলেজের প্রভাষক হানিফ উদ্দিন যানান, এটি কচাকাটা ইউনিয়নের একমাত্র পাকা ও সংযোগকারী সড়ক। তা ধসে যাওয়ায় দুর্ভোগে পড়েছে ইউনিয়নটির মানুষ। একই কথা জানান, কচাকাটা প্রধানীটারীর রফিকুল ইসলাম। 

কচাকাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য আবু বক্কর সিদ্দিক জানান, সড়কটি সম্পূর্ণ ধসে যাওয়ার হাত থেকে রক্ষা করতে স্থানীয়রা মাটি ফেলে স্রোতের প্রবাহ আটকানোর চেষ্টা করছে। কচাকাটা পল্লী বিদ্যুৎ অফিস জানায়, খুঁটিটি পড়ে যাওয়ায় দুটি ট্রান্সফরমার বন্ধ রয়েছে। দুই-এক দিনের মধ্যে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ করা হবে।

এলজিইডির উপজেলা প্রকৌশলী ওয়াসিম আতাহার জানান, সরেজমিনে পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/এআই