আর মাত্র দুদিন পর কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন। আগামীকাল সোমবার (২৩ জুন) মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাবে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। এবার সিটি নির্বাচনে আলোচিত তিন মেয়র প্রার্থীর মধ্যে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত প্রতীক বরাদ্দের দুদিন পরই নগরীর উন্নয়নে ১১ দফা অঙ্গীকারনামা ঘোষণা করে লিফলেট বিতরণ শুরু করেন। নৌকার প্রার্থী রিফাত আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা না করলেও তার ঐ লিফলেটই নির্বাচনি ইশতেহার বলে গতকাল শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন।
এদিকে এদিন সকালে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ১৩ দফা কর্মপরিকল্পনা উল্লেখ করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। এই দুই প্রার্থী (রিফাত-কায়সার) তাদের লিফলেট ও নির্বাচনি ইশতেহারে দুর্নীতিমুক্ত, যানজট, জলাবদ্ধতা ও মাদকমুক্ত নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তবে এই সিটির টানা দুবারের সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিষ্কৃত মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু তার গত দুটি নির্বাচনে ইশতেহার ঘোষণা করলেও এ নির্বাচনে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো ইশতেহার ঘোষণা করেননি। সাক্কু বলছেন, গত নির্বাচনে প্রকাশিত ইশতেহারের ৭০ ভাগ কাজ তিনি শেষ করেছেন, বাকি অসমাপ্ত ৩০ ভাগ কাজ সম্পন্ন করাই তার এবারের নির্বাচনি ইশতেহার।
আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক গতকাল শনিবার নগরীর চৌয়ারা, কুচাইতলী, বিষ্ণুপুর, ভাটপাড়া, হাউজিং এস্টেট, ঢুলিপাড়া, ঠাকুরপাড়া, শাসনগাছাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেন। এছাড়া প্রচারণার শেষ মুহূর্তে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে শনিবার থেকে গণসংযোগে মাঠে নেমেছেন শ্রম ও জনশক্তিবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য শিল্পপতি এম তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিমের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রতিনিধিদল। কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর জানান, আজ রবিবার ঢাকা থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ একটি দল গণসংযোগে অংশগ্রহণ করবেন।
অপরদিকে, মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু শনিবার রানীরবাজার, গোবিন্দপুর, অশোকতলা, পাথুরিয়াপাড়া, নেউরা, জগন্নাথ মন্দিরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেন।
এছাড়া ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার শনিবার সকালে নগরীর ধর্মসাগরপাড়স্থ কার্যালয়ে তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন। পরে তিনি নগরীর রাজগঞ্জ, দক্ষিণ চর্থা, সংরাইশ, শুভপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেন।
