চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, ‘সব ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হবে। আর ২৬ জুন থেকে জনগণের চলাচলের জন্য এই সেতু উন্মুক্ত করে দেওয়া হবে।’
শনিবার (১১ জুন) সন্ধ্যায় মাদারীপুরের শিবচরের চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে চিফ হুইপ সন্ন্যাসীরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. দেলোয়ার হোসেন হাওলাদারসহ ৪ প্রার্থীর নাম ঘোষণা করেন। একই দিন বিকালে চিফ হুইপ শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়াম ভবনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নদী ভাঙন কবলিত জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর পূর্ণবাসন সহায়তা ও চিফ হুইপের ২০২১-২২ অর্থবছরের বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ করেন।
এসময় সংরক্ষিত আসনের সংসদ সদস্য শবনম জাহান শীলা, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল কুমার সাহা, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান, ওসি মো. মিরাজ হোসেন উপস্থিত ছিলেন।
আরও ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন খান তোতাসহ আরও অনেকেই।
চীফ হুইপ তার বক্তব্যে বলেন, ‘পদ্মা সেতু সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে জনগণের টাকায় জনগণের ব্রিজ নির্মাণ করা হয়েছে। এই ব্রিজের সঙ্গে আমাদের সবার এক টাকা এক পয়সা হলেও আছে। কারণ আমাদের ট্যাক্সের টাকাতেই কিন্তু এই ব্রিজ হয়েছে। যারা আপনারা ব্যবসা করেন, চাকরি করেন, ট্যাক্স দেন তাদের সবার একটি পয়সাও যদি থাকে, তাহলেও কিন্তু তার পদ্মা ব্রিজে অংশীদারিত্ব আছে।’
