থিতু হওয়ার পরও বড় জুটি হচ্ছিল না। এভাবে প্রথম দিন ১৬৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল থিতু হলেন, শুধু হলেনই না বড় জুটি গড়ে ভাঙলেন ২২ বছর আগের রেকর্ড। দু'জনের সেঞ্চুরিতে ট্রেন্টব্রিজ টেস্টে রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড।
দ্বিতীয় দিনে নিজের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে ৫৫৩ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। এর মধ্যে ড্যারিল মিচেল একাই করেন ১৯০ রান। সঙ্গী ব্লান্ডেল করেন ১০৬ রান। এছাড়া মিচেল ব্রেসওয়েল ৪৯, উইল ইয়ং ৪৭, ডেভন কনওয়ে ৪৬, হেনরি নিকোলস ৩০ ও টম লাথাম ২৬ রান করেন।
কিউইদের হয়ে পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের জুটি ছিল ন্যাথান অ্যাস্টল ও ক্রেইগ ম্যাকমিলানের। ২০০০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২২২ রান তুলেছিলেন তারা। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে সেই রান ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েন মিচেল ও ব্লান্ডেল। ২৩৬ রানে থামে এই জুটি।
লর্ডসে সিরিজের প্রথমে টেস্টের দ্বিতীয় ইনিংসে এভাবেই ঘুরে দাঁড়িয়েছিলেন তারা। সেবার মিচেল সেঞ্চুরি পেলেও চার রানের আক্ষেপে ভুগতে হয় ব্লান্ডেলকে। এবার ঠিকই ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিতে করেননি ভুল ডানহাতি এই ব্যাটার।
পরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। জ্যাক ক্রাউলিকে মাত্র ৪ রানে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন ট্রেন্ট বোল্ট। এরপর অবশ্য আর পথহারা হতে হয়নি স্বাগতিকদের। দিনের শেষে স্কোরবোর্ডে ৯০ রান যোগ করেছে তারা। অ্যালেক্স লিস ৩৪ ও অলি পোপ ৫১ রানে অপরাজিত। কিউইদের থেকে এখনো ৪৬৩ রানে পিছিয়ে ইংলিশরা।
