বোলিং শুরু করেছেন শরিফুল

আপডেট : ১২ জুন ২০২২, ১৩:১০

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ব্যাটিংয়ের সময় ডানহাতের আঙুলে ব্যথা পেয়েছিলেন শরিফুল ইসলাম। সেই চোটে সিরিজ থেকেই ছিটকে পড়েন তিনি। অবশেষে শরিফুলের হাতের প্লাস্টার খোলা হয়েছে। গতকাল বোলিংও শুরু করেছেন বাঁহাতি এ পেসার।

মিরপুর স্টেডিয়ামে মাহমুদউল্লাহ রিয়াদকে নেটে বোলিং করেছেন শরিফুল। যার মধ্য দিয়েই এ তরুণের ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্ত্ততি শুরু হলো। ক্যারিবিয়ানে সীমিত ওভারের দুই ফরম্যাটের দলে রাখা হয়েছে শরিফুলকে। অনুশীলন শুরু করেছেন, এখন ধীরে ধীরে পূর্ণ ছন্দে ফিরবেন তিনি। উইন্ডিজদের বিরুদ্ধে টি-২০ ও ওয়ানডেতে ফিট শরিফুলকেই পেতে যাচ্ছে বাংলাদেশ।

তবে তাসকিন আহমেদের মতোই দুই টেস্টে খেলতে পারবেন না শরিফুল। রিহ্যাবের মাঝে থাকা তাসকিন পরিবারসহ সিলেট ঘুরতে গেছেন। কাঁধের চোট কাটিয়ে ডানহাতি এ পেসারও ক্যারিবিয়ানে টি-২০, ওয়ানডে খেলতে পারেন। ওয়ানডে দলে রাখা হয়েছে তাকে, এখন টি-২০ দলেও অন্তভু‌র্ক্ত করা হবে তাসকিনকে।

আগামী ২২ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে সাদা বলের দুই ফরম্যাটে ডাক পাওয়া ক্রিকেটারদের। মাহমুদউল্লাহ, মুনিম শাহরিয়ার, শরিফুলরা ঢাকায় অনুশীলন করলেও আফিফ হোসেন, সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসানরা রাজশাহীতে টি-২০ টুর্নামেন্ট খেলছেন। সফরের আগে এমন টুর্নামেন্টে খেলা ঝুঁকিপূর্ণ বটে। অবশ্য বিসিবি বাধা না দেওয়ায় রাজশাহীতে তাদের খেলায় সমস্যা হচ্ছে না।

ইত্তেফাক/টিএ