ইউক্রেনের তারনোপিল অঞ্চলে রাশিয়ার কালিবর ক্রুজ মিসাইল হামলায় এক বিশাল অস্ত্রভাণ্ডার ধ্বংস হয়েছে। এই অস্ত্রভাণ্ডারে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়ানের পাঠানো অস্ত্র ছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য জানিয়েছে।
এছাড়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স আরও জানিয়েছে, রাশিয়ার বাহিনী পূর্ব ইউক্রেনের দোনেতস্ক ও খারকিভ অঞ্চলের কাছে দেশটির তিনটি এসইউ-২৫ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১০৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।
