ট্রাক্টরে মাটি পরিবহনের কারণে আত্রাইয়ে বিভিন্ন পাকা রাস্তা বেহাল হয়ে পড়েছে। দিনের পর দিন মাটি বহনের ফলে মাটি রাস্তায় পড়ে পিচ্ছিল হয়ে গেছে। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোটবড় দুর্ঘটনা।
জানা যায়, উপজেলার আট ইউনিয়নের বিভিন্ন গ্রামে রয়েছে পাকা রাস্তা। জনজীবনের মানোন্নয়ন ও উৎপাদিত কৃষিজাতদ্রব্য বাজারজাতকরণের জন্য এসব রাস্তা পাকা করা হয়। কিন্তু এসব রাস্তা দিয়ে প্রতিনিয়ত ট্রাক্টর দিয়ে মাটি পরিবহনের ফলে রাস্তাগুলো মাটিতে ঢেকে যায়। পথচারীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়। এদিকে বিভিন্ন গ্রামের ভিটেমাটি ও মাঠের ফসলি জমি কেটে পুকুর বানানো হচ্ছে। যত্রতত্র পুকুর খননে সরকারি বিধিনিষেধ থাকলেও এর কোনো তোয়াক্কাই করছেন না পুকুর খননকারীরা। অনেকেই ভেকু ব্যবসায়ীদের খপ্পরে পড়ে পুকুর খননে মেতে উঠেছেন। আর এসব খননকৃত পুকুরের মাটি অনুনোমদিত পরিবহন ট্রাক্টর দিয়ে পরিবহন করা হচ্ছে বিভিন্ন স্থানে।
উপজেলার দমদমা গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, দমদমা গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তির পুকুর খননের মাটি এলাকার রাস্তা দিয়ে নেওয়ায় বেহাল অবস্থা হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি এত পিচ্ছিল হয় যে, ঐ রাস্তা দিয়ে আর যানবাহন চলাচল করতে পারে না। এমন কি পায়ে হেঁটে চলাচলও সম্ভব হয় না। প্রতিনিয়ত এখানে সাইকেল ও মোটরসাইকেল আরোহী দুর্ঘটনার শিকার হচ্ছেন।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আমি নিজে রাস্তাটি পরিদর্শন করেছি। ঐ ব্যক্তি নিজ উদ্যোগে রাস্তা পরিষ্কার না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
