‘ইউক্রেনে যুদ্ধ চায় না চীন’ 

আপডেট : ১২ জুন ২০২২, ১৭:৩০

চীন সরকার ইউক্রেনে কোনো সংঘাতের ব্যাপারে আগ্রহী নয়, একইসঙ্গে দেশটি বিশ্বাস করে না যে, নিষেধাজ্ঞা এই সংকট নিরসনে কোনো সহায়তা করতে পারে। চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী ওই ফিংহে রবিবার সিঙ্গাপুরে সাংগ্রী-লা ডায়ালগ সিকিউরিটি ফোরামে একথা বলেন। বার্তা সংস্থা তাস এ খবর জানায়।

চীনা এই মন্ত্রী বলেন, ‘চীন ইউক্রেনে সবকিছুর শেষে সংঘাত অথবা যুদ্ধ দেখতে চায় না। এই সঙ্গে আমরা বিশ্বাস করি না যে, সর্বোচ্চ চাপ অথবা নিষেধাজ্ঞার মাধ্যমে এ সমস্যার সমাধান আসতে পারে। বরং এতে উত্তেজনা আরও  বাড়তে পারে এবং পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।’ 

ইউটিউবে তার এই বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, চীন সরকার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংলাপ চায় এবং আশা করছে খুব শিগগিরই যুদ্ধ বন্ধের জন্য  যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়ার সঙ্গে আলোচনা করবে।

তিনি বলেন, ‘চীন রাশিয়া  ইউক্রেনের মধ্যে আলোচনায় আগ্রহী। আমরা আরো আশা করছি  খুব শিগগিরই যুদ্ধ বন্ধের জন্য  যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়ার সঙ্গে আলোচনা করবে।’

তিনি আরো বলেন, ইউক্রেন সংকটকালে চীন কখনোই রাশিয়াকে কোন বস্তুগত সহায়তা করেনি।

ইত্তেফাক/এসআর