রংপুরের বদরগঞ্জে কৃষক আশরাফুল ইসলাম হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (১২ জুন) বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক তারিক হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা করার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ৪ জুলাই তারিখে রংপুরের বদরগঞ্জ উপজেলার সন্তোষপুর ডাড়ারপাড় গ্রামের শামসুর রহমানের ছেলে কৃষক আশরাফুল ইসলামকে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার বাবা শামসুর রহমান বাদি হয়ে ৯ আসামির নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ ৯ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে।
মামলায় ২১ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে তিন আসামি রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ও নুর আলমকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ বিচারক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে রায় প্রদান করেন। বাকি ৬ আসামিকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। রায় ঘোষণার পর দণ্ডিত তিন আসামিকে পুলিশী পাহারায় আদালতের হাজত খানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী এ্যাডভোকেট নয়নুর রহমান টফি জানান, বাদি পক্ষ মামলায় রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন।
অপরদিকে আসামি পক্ষের আইনজীবী আব্দুর রশীদ চৌধুরী এ্যাডভোকেট জানান, তারা ন্যায় বিচার পাননি এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
