স্যার জগদীশচন্দ্র বসুর ১৬১তম জন্মজয়ন্তীতে দিনব্যাপী কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ কর্তৃপক্ষ। স্থানীয় উপজেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগরের রাঢ়িখালে নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হবে এই জগদ্বিখ্যাত বিজ্ঞানীকে।
স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ আজিজ বলেন, সকালে স্যার জগদীশচন্দ্র বসুর ভাস্কর্যে পুষ্প অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হবে। চিত্রাঙ্কন ও ডিজিটাল কনটেন্ট প্রতিযোগিতা, স্যার জগদীশচন্দ্র বসুর জীবন ও প্রকৃতি পাঠের উপর আলোচনা ছাড়াও শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে এদিন। এতে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, বুয়েটের পদার্থবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক জীবন পোদ্দার, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা, শ্রীনগরের ইউএনও মো. জাহিদুল ইসলাম, বিজ্ঞান লেখক ও মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের সভাপতি শেখর দত্ত এবং বিজ্ঞান লেখক ও গবেষক রুশো তাহের।
