নবম-দশম শ্রেণির পড়াশোনা

আপডেট : ০৮ জুন ২০১৯, ১৯:২১

লোভ এর ফলে মানুষের আত্মিক মৃত্যু হয়

বাংলা

মো. মিজানুর রহমান

সহকারি শিক্ষক

গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়।

‘

শিক্ষা ও মনুষ্যত্ব’

 

শিক্ষার্থী বন্ধুরা আজ আলোচনা করা হলো নবম- দশম শ্রেণির মাধ্যমিক বাংলা সাহিত্য বইয়ের ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের নমুনা প্রশ্নোত্তর।

হাসান সাহেব বিশ্ববিদ্যালয় পড়া শেষে বাবার ব্যবসা দেখাশোনা করছেন। তিনি ব্যবসায়ে অধিক মুনাফা অর্জনের জন্য শ্রমিকদের বেতন ও বোনাসের কিছু অংশ কমিয়ে দেন। তিনি এখন প্রচুর অর্থ ও বিত্তের মালিক। তার বন্ধু হাফিজ সাহেব বেসরকারি প্রতিষ্ঠানে বড় চাকরি করেন। তিনি অর্থ ও শ্রম দিয়ে তার গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। সেখানে তিনি শিক্ষার্থীদের নাচ, গান, আবৃত্তি ও নাটকসহ নানা সাংস্কৃতিক বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। মাঝে মাঝে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন দুর্যোগপূর্ণ স্থানে নিয়ে যান।

ক. লোভের ফলে মানুষের কেমন মৃত্যু হয়?

খ. শিক্ষার অপ্রয়োজনের দিকটিকে লেখক শ্রেষ্ঠ দিক বলেছেন কেন ?

গ. উদ্দীপকের হাসান সাহেবের মধ্যে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে - ব্যাখ্যা করো।

ঘ. “ উদ্দীপকের হাফেজ সাহেবের চেতনায় ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের আসল উদ্দেশ্য ফুটে উঠেছে”- উক্তিটি মূল্যায়ন করো।

নমুনা প্রশ্নোত্তর

ক. লোভ এর ফলে মানুষের আত্মিক মৃত্যু হয়।

খ. শিক্ষার অপ্রয়োজনের দিক বলতে লেখক মনুষ্যত্বের দিকটিকে বুঝিয়েছেন। শিক্ষার মাধ্যমেই মানুষ মানবীয় গুণাবলী অর্জন করতে পারে। ভালো-মন্দ উচিত-অনুচিত বুঝতে পারে। তাই লেখক শিক্ষার অপ্রয়োজনের দিকটিকে শ্রেষ্ঠ দিক বলেছেন।

গ. উদ্দীপকের হাসান - এর মধ্যে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের জীবসত্তার দিকটি প্রতিফলিত হয়েছে। লেখক মানুষের দুটি সত্তার মধ্যে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন মানবসত্তাকে। তবে জীবসত্তার কথাও তিনি বলেছেন। মানুষ যদি জীবসত্তার প্রয়োজনটাকে বেশি গুরুত্ব দেয় তবে শিক্ষার আসল উদ্দেশ্য ব্যাহত হবে।

উদ্দীপকের হাসান জীবসত্তার চাহিদা পূরণের জন্য মানবতাকে বেশি গুরুত্ব না দিয়ে অন্ন, বস্ত্র তথা অর্থ চিন্তায় বেশি মনোযোগী।

 

ঘ. শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে শিক্ষার মাধ্যমে মূল্যবোধ সৃষ্টির কথা বলা হয়েছে। উদ্দীপকের হাফিজ এর মধ্যে মূল্যবোধের দিকটি ফুটে উঠেছে। শিক্ষার মাধ্যমে মানুষের মূল্যবোধ সৃষ্টি হয়। শিক্ষা শুধু জ্ঞান পরিবেশন করে না; অর্জিত জ্ঞানের মাধ্যমে মূল্যবোধের বিকাশ ঘটায়। শিক্ষাই মানুষকে ভালো-মন্দ বিবেচনা করতে শেখায়। শিক্ষিত মানুষ লোভের ফাঁদে পা দিতে ভয় পায়। শিক্ষার ফলে চিন্তা বুদ্ধি ও আত্মবিকাশের পথ সে পায়। সে বোঝে অর্থ সাধনাই জীবন সাধনা নয়।

যেখানে আত্মবিকাশের সুযোগ নেই সেখানে মুক্তি নেই। মানুষ মনের প্রসারতা ঘটিয়ে আত্মপ্রকাশ করে। তাই আমরা উদ্দীপকে দেখতে পাই একটি উচ্চ শিক্ষিত ছেলে তাঁর বন্ধুর মতো অর্থ চিন্তায় মগ্ন নয়। তার ভেতরে মূল্যবোধের দিক ফুটে উঠেছে। সে নিজে শিক্ষিত হয়ে গ্রামের ছেলে মেয়েদের শিক্ষার মাধ্যমে মানসিক বিকাশ ঘটাচ্ছে।

তাই বলা যায়, হাফিজ সাহেবের চেতনায় সমাজ সেবার যে দিকটি দৃশ্যমান তা প্রবন্ধেও ফুটে উঠেছে; যা ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের আসল উদ্দেশ্য।