উইকেটরক্ষক থেকে হঠাৎ বোলার বনে চমকে দিলেন পুরান

আপডেট : ১৩ জুন ২০২২, ১০:৩৮

শিরোনাম দেখে নিজেরই চমকে ওঠার কথা। নিকোলাস পুরান আর বোলিং, কোথাও একটা ভুল হচ্ছে না তো! উইকেটরক্ষককে বোলিং করতে দেখাটা অবশ্য অবাক বিষয় নয়। কিন্তু পুরান একটি দুটি নয়, বোলিং করেছেন টানা ১০ ওভার। ৪৮ রান দিয়ে জাদুকরী স্পেলে পাকিস্তানের চার উইকেট তুলে নিয়ে রীতিমতো চমকে দেন।

আন্তর্জাতিক ক্রিকেটে পুরানকে হাত ঘুরাতে দেখা গেছে এর আগে একবার। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র তিন বল করেছিলেন তিনি। কিন্তু গতকাল পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পুরান যেন পুরোদস্ত্তর ডানহাতি অফ স্পিনার।

মুলতানে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই পায় পাকিস্তান। ১২তম ওভারে ব্রেক থ্রুর খোঁজে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিজেই চলে আসেন বোলিং করতে। নিজের তৃতীয় ওভারেই স্বাদ পান প্রথম আন্তর্জাতিক উইকেটের। পুরানের ধীরগতির বলে সুইপ করতে গিয়ে স্টাম্প হারিয়ে ফেলেন পাকিস্তান ওপেনার ফখর জমন। ২৩তম ওভারে জোড়া আঘাত হানেন পুরান। এক বল আগে পরে মিলিয়ে ফেরান ইমাম উল হক (৬২) ও মোহাম্মদ হারিসকে। পরের ওভারেই আরেক ‘বিগ ফিশ’ মোহাম্মদ রিজওয়ানকে কট বিহাইন্ডে শিকার করেন তিনি।

ইত্তেফাক/টিএ