বিনামূল্যে আইনি সুবিধা পেতে ভোলার বোরহানউদ্দিন উপজেলা লিগ্যাল এইড কমিটির উদ্বুদ্ধকরণ সভা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা পরিষদ হলরুমে রবিবার (১২ জুন) রাত ৮টায় জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. মহসিনুল হকের সভাপতিত্বে এ সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নুরুল আলম মোহাম্মদ নিপু, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান, অফিসার ইনচার্জ মো. শাহিন ফকির, ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিরা।
জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. মহসিনুল হক সমাপনী বক্তব্যে বলেন, ‘বিচারপ্রার্থী অসহায় মানুষের আইনি সেবা নিশ্চিত করতে জেলা লিগ্যাল এইড কমিটি সমগ্র জেলার প্রতিটি উপজেলা ও প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।’
ভোলা জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এবং জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ সাব্বির মো. খালিদ স্বাগত বক্তব্য রাখেন।
উল্লেখ্য, বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে ইতোপূর্বে ভোলা জেলার প্রতিটি উপজেলায় উদ্বুদ্ধকরণ সভা, স্কুল, কলেজ ও মাদ্রাসা ভিত্তিক শিক্ষামূলক সেশন, প্যানেল আইনজীবীদের অংশগ্রহণে শুদ্ধাচার প্রশিক্ষণ হয়। এ ছাডাও, ৭০টি ইউনিয়ন ভিত্তিক ধারাবাহিক মাসিক কর্মসূচি, মামলা বিষয়ক গণশুনানি ও নিয়মিত মাসিক সভা হচ্ছে।
