রিসোর্টে জুয়ার আসর: দুই স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক ৮

আপডেট : ১৪ জুন ২০২২, ০১:২৪

কক্সবাজার কলাতলীর হোটেল-মোটেল জোনে অভিযান চালিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৮ জুয়াড়িকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। এসময় তাদের কাছ জুয়ার বিভিন্ন সরঞ্জামসহ ১৩ লাখ টাকা জব্দ করা হয়েছে।

সোমবার (১৩ জুন) রাত ৯টার দিকে কলাতলীর গণপূর্তের ভবন-৪ এর আল-ফাত্তাহ রিসোর্টের ৫ম তলার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক মঞ্জুর মেহেদী ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

আটকরা হলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী নোবেল আহমেদ রাসেল, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হোসেন মুন্না, নবী সুলতান, কবির আহমদ, শামীম আহমেদ, কামাল উদ্দিন, মোহাম্মদ নুর ও রবিউল হোসেন। 

কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক মঞ্জুর মেহেদী ইসলাম বলেন, ‘পর্যটন জোনে ক্যাসিনো স্টাইলে জুয়ার আসর বসার তথ্য এসেছে বেশ কিছু দিন ধরে। এখানে যোগ দিয়ে জুয়ায় অনেকে নিঃস্ব হয়েছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে সোমবার রাতে ৮ জনকে আটক করতে সক্ষম হয় অভিযানকারীরা। এসময় আনুমানিক ১৩ লাখ টাকাসহ সরঞ্জাম উদ্ধার করা হয়।’

তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হবে। 

ইত্তেফাক/এসজেড