অ্যান্ডারসনের ৬৫০, আজ শেষ দিনের রোমাঞ্চে ট্রেন্টব্রিজ টেস্ট

আপডেট : ১৪ জুন ২০২২, ১০:২৬

চূড়ায় উঠেছেন অনেক আগেই। ৪০ ছুঁই ছুঁই বছরে এসেও খেলে যাচ্ছেন প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে। অসম্ভবকে পরিণত করছেন সম্ভবে। সেই ধারাবাহিকতায় এবার টেস্টে ৬৫০ উইকেটের মাইলফলক ছুঁলেন জেমস অ্যান্ডারসন।

গতকাল ট্রেন্টব্রিজ টেস্টের চতুর্থ দিনে টম ল্যাথামকে নিজের ৬৫০তম শিকার বানান এই ইংলিশ পেসার। রাউন্ড দ্য উইকেটে এসে গুড লেম্হে বল ফেলে উপড়ে নেন ল্যাথামের স্টাম্প।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৫৫৩ রানের বিপরীতে শক্ত জবাব দিলেও লিড নিতে পারেনি ইংল্যান্ড। ১৪ রানে পেছনে থেকে ৫৩৯ রানে অলআউট হয় স্বাগতিকরা। ওলি পোপ ১৪৫ রান ও অবিশ্বাস্য ফর্মে থাকা জো রুটের ব্যাট থেকে আসে ১৭৬ রান।

ক্যারিয়ারে দশম বারের মতো পাঁচ উইকেট নেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারেই ল্যাথামকে হারায় কিউইরা। চতুর্থ দিন শেষে ২৩৮ রানের লিড নিয়ে সফরকারীদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২২৪ রান। ম্যাট হ্যানরি ৮ ও ড্যারিল মিচেল ৩২ রানে অপরাজিত।

ইত্তেফাক/টিএ