জাতীয় স্কুল ক্রিকেট

রংপুর শিশু নিকেতন চ্যাম্পিয়ন

আপডেট : ১৪ জুন ২০২২, ১০:৪৫

সারা দেশের সাড়ে ৩০০ স্কুলের লড়াই। ৬৪ জেলার সেরা স্কুল, ঢাকা মেট্রোর ১৬টি স্কুল নিয়ে ডিভিশনাল রাউন্ড। সেই পর্ব শেষে ন্যাশনাল রাউন্ডে ১৬টি স্কুল। অবশেষে সেরা দুটি দল নিয়ে ফাইনাল। দীর্ঘ এই প্রতিযোগিতার পর্দা নামল গতকাল।

একপেশে ফাইনালে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন হয়েছে রংপুরের শিশু নিকেতন হাই স্কুল। নারায়ণঞ্জের শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত লো স্কোরিং ফাইনালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে ৫৯ রানে পরাজিত করেছে রংপুরের শিশু নিকেতন হাই স্কুল।

ফাইনালটা ওয়ানডে ম্যাচ, ১০০ ওভারের। কিন্তু ৫৭.৩ ওভারেই শেষ ম্যাচ। পুরস্কার বিতরণীতে তাই কিছুটা সময় নিতে হয়েছে আয়োজকদের। কারণ, তখনো অতিথিরা সবাই এসে পৌঁছাতে পারেননি।

আগে ব্যাট করে রংপুর শিশু নিকেতন স্কুল ৩৭.১ ওভারে ১০২ রানে অলআউট হয়। তেজান কাব্বা সর্বোচ্চ ২৮, শাদ ২৪, রাকিবুল ইসলাম ১৪ রান করেন। মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের আরাফাত আমান ৯ রানে ৪টি, সোহান, সোহানুর ২টি করে এবং ইসতিয়াক ১টি উইকেট নেন। ১০৩ রানের টার্গেটে খেলতে নেমে প্রথম বলেই উইকেট হারায় মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটা শেষ পর্যন্ত ২০.২ ওভারে ৪৩ রানে অলআউট হয়ে যায়। সিয়াম ১২ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরই পার হতে পারেননি। রংপুর শিশু নিকেতনের অধিনায়ক শেখ ইমতিয়াজ শিহাব বল হাতে জাদু দেখিয়েছেন। এই লেগ স্পিনার ১৪ রানে ৫টি উইকেট নেন। খুদে এই ক্রিকেটার ফাইনালে ম্যাচ-সেরার পুরস্কার পান। সামিউল ২টি, তেজান কাব্বা ও ইয়াসিন আরাফাত ১টি করে উইকেট পান।

টুর্নামেন্টে ৩৩ উইকেট নিয়ে সেরা বোলার শেখ ইমতিয়াজ শিহাব। সঙ্গে ২০০-এর কাছাকাছি রান করেছেন তিনি। সবমিলিয়ে টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় রংপুর শিশু নিকেতনের অধিনায়ক। বাড্ডা আলাতুন নেসা স্কুলের মাফরাফ মাহিন রুদ্র ৩৮৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, প্রাইম বাংকের ব্যবস্হাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও রশীদ, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও হাসিবুল হোসেন শান্ত।

ইত্তেফাক/টিএ