ইয়াসিরের স্ক্যান রিপোর্টের অপেক্ষা

আপডেট : ১৪ জুন ২০২২, ১৩:৪০

ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে পিঠের চোটে পড়েছেন ইয়াসির আলি রাব্বি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্ত্ততি ম্যাচে ব্যাটিংয়ের সময় তার পিঠের পেশিতে টান পড়েছিল। ম্যাচের প্রথম দিনে ৩৯ বলে ১১ রান করে স্বেচ্ছায় অবসরে (রিটায়ার্ড হার্ট) গিয়েছিলেন তিনি।

এই চোটের কারণে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইয়াসিরের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। অ্যান্টিগা থেকে বাংলাদেশ দলের অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, দল এখন তার স্ক্যান রিপোর্টের অপেক্ষায় আছে। এই রিপোর্টের ওপরই তার খেলার বিষয়টি নির্ভর করবে।

দুই দিনের মধ্যে সুস্হ হতে না পারলে অ্যান্টিগায় প্রথম টেস্ট খেলা হবে না ইয়াসিরের। যদিও এই সিরিজটা চট্টলার এই তরুণের জন্য বড় সুযোগ ছিল। মিডল অর্ডারে নেই মুশফিকুর রহিম। পবিত্র হজব্রত পালনের জন্য ছুটি নিয়েছেন তিনি। মুশফিকের অনুপস্হিতিতে মিডল অর্ডারের গুরুভার ইয়াসিরের ওপরই ন্যস্ত হতো। বড় দায়িত্বে নিজেকে প্রমাণের সুযোগও পেতেন তিনি।

কিন্তু ইনজুরির দুর্ভাগ্যে তার খেলা নিয়েই সংশয় তৈরি হয়েছে। বাংলাদেশের হয়ে ৫ টেস্ট খেলে একটি হাফ সেঞ্চুরি করেছেন ২৬ বছর বয়সী এই ব্যাটার। অবশ্য ইয়াসির খেলতে না পারলেও বিকল্প রয়েছে টিম ম্যানেজমেন্টের হাতে। তবে ইয়াসিরই ছিলেন প্রথম পছন্দ। এ তরুণ ব্যাটার ছিটকে গেলে মিডল অর্ডারে দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে। প্রস্ত্ততি ম্যাচে ৩৫ রান করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও ভালো ফর্মে ছিলেন। আলোচনায় থাকছে মোসাদ্দেক হোসেন সৈকতের নামও। কিন্তু পেস বোলিংয়ের বিরুদ্ধে তার দুর্বলতা দিবালোকের মতো সত্য।

ইত্তেফাক/টিএ