কটিয়াদীতে জমে উঠেছে মাছের পোনার বাজার 

আপডেট : ১৪ জুন ২০২২, ১৬:৩৬

কটিয়াদী উপজেলার বীরনোয়াকান্দি এলাকার মাছের পোনার বাজার জমে উঠেছে। আগাম বর্ষা আর অনুকূল আবহাওয়ার কারণে এ বছর পোনার উৎপাদন ও বিক্রি উভয়ই বেড়েছে। এতে খুশি এ অঞ্চলের পোনা উৎপাদনকারী, ক্রেতা-বিক্রেতা সংশ্লিষ্ট সবাই।

জানা যায়, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় এ বাজার। চলে সকাল ৮টা পর্যন্ত। দুই ঘণ্টার বাজারে প্রতিদিন গড়ে ১৪-১৫ লাখ টাকার পোনা বিক্রি হয়। সরেজমিনে বাজারে গিয়ে দেখা যায়, ভোর থেকেই ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে সরগরম হয়ে উঠেছে বীরনোয়াকান্দি চৌরাস্তার মোড় থেকে বিশাল এলাকা।

গাজীপুরের কাপাসিয়ার ক্রেতা মো. মাসুম বলেন, ‘এ বাজারে ভালো জাতের মাছের পোনা পাওয়া যায়| তাই প্রতি বছর এখান থেকে পছন্দের পোনা সংগ্রহ করি।’ 

বাজারের আড়তদার আব্দুর রহমান বলেন, ২০ বছর ধরে চলে আসা এ বাজারে নিলাম ডাকের মাধ্যমে কেজি দরে পোনা বিক্রি করা হয়। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ‘মাছের পোনা উৎপাদন, পরিবহন ও বিপণনে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। আমরা মত্স্যচাষিদের মাছের পোনা উৎপাদন, সংগ্রহ ও চাষ ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শসহ সার্বিক সহযোগিতা করে আসছি।’ 

ইত্তেফাক/এআই