কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার এক দিন পর মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টায় তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া নৌকাটি উদ্ধারের পর ছইয়ের ভেতরে তিন জনের লাশ পাওয়া যায় বলে ইটনা থানার ওসি মো. কামরুল ইসলাম মোল্লা জানান।
নিহতরা হলেন তাড়াইল উপজেলার দামিহা গ্রামের মাসুদ মিয়া (২৫), করিমগঞ্জ উপজেলার হালগড়া গ্রামের সিরাজউদ্দিন (৬০) ও একই গ্রামের ওয়াসিম (৩৫)। ইঞ্জিনচালিত নৌকাটি গত সোমবার দুপুরের পর তাড়াইল উপজেলার দামিহা থেকে মাছের ঘেরের কাজে ব্যবহারের জন্য গাছের ডালপালা নিয়ে ইটনা উপজেলার ধনপুর যাচ্ছিল। এ সময় এনসহিলা গ্রামের পূর্ব দিকে এহানির বিল হাওরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। নৌকাটিতে পাঁচ জন যাত্রী ছিলেন। দুই জন সাঁতরে জেলেদের নৌকায় উঠে রক্ষা পেলেও তিন জন নিখোঁজ ছিলেন।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার ব্রিগেডের ডুবুরিরা উদ্ধার কাজে নামে। ইটনা থানার ওসি মো. কামরুল ইসলাম মোল্লা জানান, প্রবল স্রোত থাকায় উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটে। ঘটনাস্থলের অদূরেই মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় লাশসহ নৌকাটি উদ্ধার করা হয়। পরে আত্মীয়-স্বজনের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।
