দাপট দেখিয়ে জয়ে ফিরলো ভারত

আপডেট : ১৫ জুন ২০২২, ১২:৪১

স্কোয়াডে নেই দলের সেরা তারকারা। বিশ্রাম দেওয়া হয়েছে। অধিনায়ক করা হয় লোকেশ রাহুলকে। কিন্তু তিনিও চোটে পড়ে ছিটকে যান। প্রথমবারের মতো নেতৃত্ব এসে পড়ে রিশাভ পান্টের কাঁধে। দলে অভিজ্ঞ বলতে কেবল হার্দিক পান্ডিয়া, ভুবেনেশ্বর কুমার ও দিনেশ কার্তিক। অধিনায়কসহ বাকিরা সবাই তরুণ। সেটিরই সুযোগ নিয়ে প্রথম দুই ম্যাচে দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা।

শঙ্কা জাগে সিরিজে ফিরতে পারবে তো ভারত? না কি তৃতীয় ম্যাচও হেরে সিরিজ খোয়াতে হবে। তবে আপাতত দুশ্চিন্তা দূর হয়েছে ভারতীয়দের। গতকাল চেন্নাইয়ে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের ৪৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।

আগের দুই ম্যাচের মতো গতকালও টস ভাগ্য রিশাভ পান্টের পক্ষে ছিল না। তবে ভারতের অধিনায়ক হিসেবে প্রথমবার জয় তুলে নিতে পেরেছেন। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ভারত। জবাব দিতে নেমে ৫ বল বাকি থাকতে ১৩১ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা।

৪ ওভারে মাত্র ২০ রান খরচায় ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন যুযবেন্দ্রা চাহাল। তার শিকার ডোয়াইন প্রিটোরিয়াস, রাসি ভ্যান ডার ডুসেন ও হেইনরিচ ক্লাসেন। এই তিন জনের কাছেই প্রথম দুই ম্যাচে হারে ভারত। এছাড়া হার্শাল প্যাটেল ৪টি এবং ভুবেনেশ্বর কুমার ও অ্যাক্সার প্যাটেল একটি করে উইকেট নেন। হেনড্রিক্স ২৩, ক্লাসেন ২৯, পারনেল ২২ ও প্রিটোরিয়াস ২০ রান করেন।

এর আগে ব্যাটিংয়ে ভারতের পক্ষে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ঋতুরাজ গাইকোয়াড ও ইশান কিষাণ। দুজনের জুটি আসে ৯৭ রান। এর মধ্যে গাইকোয়াড ৫৭ ও ইশান ৫৪ রান করেন। পরবর্তীতে শ্রেয়াস আইয়ার ১৪ ও হার্দিক পান্ডিয়া ৩১ রান করেন। প্রিটোরিয়াস ২টি এবং কাগিসো রাবাদা, তাবরিজ শামসি ও কেশাভ মহারাজ একটি করে উইকেট নেন। 

ইত্তেফাক/টিএ