ঈদের পরের দিন সন্ধ্যায় যশোর শহরের রেলস্টেশন এলাকায় আব্দুল্লাহ খান (১৩) নামে এক স্কুলছাত্র ছুরিকাঘাতে নিহত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। তবে তাদের নাম পুলিশ জানায়নি। নিহত স্কুলছাত্র শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার মুরাদ খান সাক্কুর ছেলে। সে রেলস্টেশন প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পিতা মুরাদ খান জানান, সন্ধ্যায় শহরের টিবি ক্লিনিক-আশ্রম রোড এলাকার সোহাগ ও অনিক মোবাইল ফোনে বাড়ি থেকে আব্দুল্লাহকে ডেকে নিয়ে যায়। এরপর স্থানীয়রা রেলস্টেশন এলাকার খাজা বেকারির সামনে রক্তাক্ত অবস্থায় আব্দুল্লাহকে পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ৮টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কাজল মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক কাজল মল্লিক বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুল্লাহ মারা যায়। তার ডান উরুতে ধারালো অস্ত্রের আঘাত আছে। ধারণা করা হচ্ছে অন্ডকোষ কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে আব্দুল্লাহর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতন
কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। নিহত আব্দুল্লাহর প্যান্টের ডান পকেট থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/নূহু

