‘অনেক কেন্দ্রে ইভিএম কাজ করেনি, তবে প্রশাসন ভালো ভোট করেছে’

আপডেট : ১৫ জুন ২০২২, ১৮:২৯

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক (সাক্কু) বলেছেন, ‘ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে ভোটারদের অপেক্ষা করতে হয়েছে। অনেক কেন্দ্রে ইভিএম ঠিকমতো কাজ করেনি। তারপরও প্রশাসন ভালো ভোট করেছে বলে আমি মনে করি।’ বুধবার (১৫ জুন) ভোট গ্রহণ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে এ কথা বলেন তিনি। 

এর আগে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলে।

মনিরুল হক পরপর দুবার কুমিল্লা সিটি নির্বাচনের মেয়র পদে বিজয়ী হয়েছেন। ভোট সুষ্ঠু হলে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। নগরীর হোচ্চা মিয়া বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মনিরুল হক।

নির্বাচনে মেয়র পদে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত (নৌকা), টানা দুই বারের সদ্য সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রাশেদুল ইসলাম (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল (হরিণ) প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

ভোটগ্রহণ। ছবি: ইত্তেফাক

এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন করছেন ১০৮ জন প্রার্থী। 

তৃতীয় বারের মতো এবার হচ্ছে কুমিল্লা সিটি করপোরেশনের ভোট। ২৭টি ওয়ার্ডে বিভক্ত এ সিটির মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এরমধ্যে হিজড়া ভোটার দুজন।

ইত্তেফাক/এএএম